আইএসপিদের বিটিআরসির হুঁশিয়ারি

৩ নভেম্বর, ২০২০ ১৮:৫৫  
দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইএসপিদের কার্যক্রমে ৮ ধরনের অমিল পেয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা। কমিশন থেকে বিভিন্ন সময়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সরেজমিনে পরিদর্শনে এসব অসামঞ্জস্যতা বা অমিল পাওয়া গেছে। এ বিষয়ে আইএসপি প্রতিষ্ঠানগুলো পদক্ষেপ না নিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়ে আইএসপিগুলোকে চিঠি পাঠিয়েছে বিটিআরসি। সোমবার পাঠানো বিটিআরসি সিনিয়র সহকারি পরিচালক শিবলী ইমতিয়াজ স্বাক্ষরিত চিঠিতে কোথায় বা কাদের ত্রুটি পাওয়া গেছে সে বিষয়টি প্রকাশ করা হয়নি। অসামঞ্জস্যতার কথা উল্লেখ করে বলা হয়েছে, ইন্টারনেট সেবা দেয়ার ক্ষেত্রে পয়েন্ট অব প্রেজেন্স বা পিওপি স্থাপন অথবা স্থানান্তর বাতিলের পূর্বে কমিশনকে জানানোর বিষয়টি উপেক্ষা করা হচ্ছে। এছাড়াও বিটিআরসির ডাটা ইনফরমেশন সিস্টেম পোর্টালে সঠিকভাবে সকল তথ্য প্রদান না করা, ইনফ্রাসটাস্কার শেয়ারিং গাইডলাইনে উল্লেখিত শর্তগুলো সঠিকভাবে প্রতিপালন না করা এবং লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান অবৈধ রিসেলার তৈরি করে ইন্টারনেট সেবা দিচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। বাকি অসামঞ্জস্যতাগুলোর মধ্যে রয়েছে-
  • একই মালিকানায় ক্যাবল টিভি লাইসেন্স ও আইএসপি লাইসেন্স গ্রহণ করে কমিশনের নির্দেশনা বা গাইডলাইন অনুসরণ না করে ক্যবল টিভি সেবা দেওয়ার কাজে ব্যবহৃত অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ইন্টারনেট সেবা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা।
  • বিটিআরসির অনুমোদন গ্রহণ না করে নিজস্ব নেটওয়ার্ক অপারেশন সেন্টারের পরিবর্তে অন্যত্র ক্যাশ সার্ভার স্থাপন করা, ক্যাশ সার্ভার প্রদানকারী সংস্থা ও ব্যবহারকারী প্রতিষ্ঠানের মধ্যকার চুক্তি এবং ক্যাশ সার্ভারের মনিটরিং লিংক (অননেট/অফনেট) কমিশনকে প্রদান না করা।
  • কমিশন থেকে জারীকৃত নির্দেশনা মোতাবেক আইএসপি লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোকে তাদের সকল গ্রাহকদের আইপি লগ(ডিভাইস আইডেনটিটি টাইম স্টাম্প) কমপক্ষে ১২ মাস রাষ্ট্রীয় স্বার্থ ও জননিরাপত্তার বিষয় বিবেচনা করে সংরক্ষণের নির্দেশনা প্রদান করা হলেও কিছু প্রতিষ্ঠান তা যথাযথভাবে প্রতিপালন করছে না।
  • বিভিন্ন এলাকায় কমিশন থেকে আইএসপি লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠানকে যথাযথভাবে কার্যক্রম গ্রহণে এবং ইন্টারনেট সেবা দেয়ার ক্ষেত্রে বাধা প্রদান করা।